
ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি
আপনি যদি মাত্র আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইরান যুদ্ধের সর্বশেষ কিছু আপডেট।
ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদে মার্কিন দূতাবাসের একটি হেলিপ্যাডে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক স্থাপনায় হামলার কথা বলার পর ইরানের খারগ দ্বীপ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, ইরানের তেল অবকাঠামোর ক্ষতি হলে তারা পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র-সম্পর্কিত তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে।
রাতভর ইরানের দিক থেকে আসা আকাশপথের হামলা প্রতিহত করার দাবি করেছে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। এর মধ্যে কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। ইসরায়েলও জানিয়েছে যে তারা রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছিল এবং একাধিক হামলা প্রতিহত করেছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের খুজেস্তান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলায় ১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।