
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ীভাবে অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক ভ্রমণসংক্রান্ত বার্তায় দূতাবাস এ নির্দেশনা জানায়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় কোনো বিদেশি দর্শনার্থী যদি দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট—সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে আবেদনকারীদের নিশ্চিত হতে হবে যে তারা পুরো ভ্রমণকালীন সময়ের খরচ বহন করতে সক্ষম। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সুবিধা গ্রহণ করলে ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন করার সময়ই আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, দর্শনার্থীরা সেখানে গিয়ে সরকারি সহায়তা বা বিনামূল্যে পাওয়া সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ ধরনের অনিয়ম ঠেকাতে ওয়াশিংটন বর্তমানে আরও কঠোর অবস্থান নিয়েছে।
তাই প্রত্যেক পর্যটককে তাদের সম্ভাব্য জরুরি খরচসহ সামগ্রিক ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিলের প্রস্তুতি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মার্কিন দূতাবাস।