
ফিলিপ সাংমা। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে পালাতে সহায়তার অভিযোগে অভিযুক্ত ফিলিপ সাংমাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এসটিএফ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন যে তিনি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরবর্তীতে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসটিএফ।
এর আগে গত শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তার মৃত্যু হয়।