
ছবিসূত্র: রয়টার্স
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই জাপান সাগরের দিকে অন্তত ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার (১৪ মার্চ) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ে। বর্তমানে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য ও সক্ষমতা বিশ্লেষণ করছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পতিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন এবং ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্ববাসীর মনোযোগ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দিকে থাকায় উত্তর কোরিয়া এই সুযোগে নিজেদের সামরিক সক্ষমতা ও শক্তির জানান দেওয়ার চেষ্টা করছে। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৮ হাজার সেনার যে বিশাল যৌথ সামরিক মহড়া চলছে, তার প্রতিবাদ হিসেবেও কিম জং উন এই পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে এর আগে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, এই যৌথ সামরিক মহড়া ‘কল্পনাতীত ভয়াবহ পরিণতি’ ডেকে আনতে পারে।