
ছবি: সংগৃহীত
নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে স্ত্রী ও সন্তানকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন ইতালি প্রবাসী লাল মাহমুদ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামে হেলিকপ্টারযোগে অবতরণ করেন তিনি।
এর আগে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লাল মাহমুদ। সেখান থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে হেলিকপ্টারে করে সরাসরি গ্রামের বাড়িতে আসেন তিনি। লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজীর ছেলে।
জানা গেছে, ২০১৪ সালে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান লাল মাহমুদ। প্রায় ১৩ বছর পর দেশে ফেরার এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তিনি হেলিকপ্টারে করে বাড়ি ফেরার উদ্যোগ নেন।
হেলিকপ্টারে করে বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আত্মীয়-স্বজন ও গ্রামবাসী বাড়ির সামনে ভিড় জমান তাকে এক নজর দেখার জন্য। হেলিকপ্টার থেকে নামার পর ফুলের তোড়া ও মালা দিয়ে তাকে বরণ করে নেন স্বজনরা। নিরাপত্তার স্বার্থে বাসাইল থানা পুলিশের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
ইতালি প্রবাসী লাল মাহমুদ বলেন, “২০১৪ সালে লিবিয়া থেকে ইতালিতে যাই। ইতালি যাওয়ার পর এই প্রথম দেশে ফিরলাম। মনে একটা স্বপ্ন ছিল—নিজ গ্রামে হেলিকপ্টারে করে ফিরব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এতে আমি ও আমার পরিবার অনেক খুশি।”
এদিকে ছেলের এমন ব্যতিক্রমী আগমনে আনন্দিত হয়েছেন মা শেফালি বেগম। তিনি বলেন, আমাদের গ্রামে এই প্রথম কেউ হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছে। আমার ছেলে করেছে বলে মা হিসেবে আমি অনেক খুশি ও গর্বিত।
দীর্ঘ প্রবাসজীবনের পর লাল মাহমুদের এই ব্যতিক্রমী বাড়ি ফেরা এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।