
নিও’ নামের যন্ত্রটি তৈরি করেছে নিউরাকল টেকনোলজি
বিশ্বে প্রথমবারের মতো ইনভেসিভ ব্রেন–কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) যন্ত্র অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে বিশেষ যন্ত্র প্রতিস্থাপনের অনুমোদন দিয়েছে চীনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ওষুধ পণ্য প্রশাসন।
‘নিও’ নামের যন্ত্রটি তৈরি করেছে চীনের নিউরাকল টেকনোলজি। এটি মূলত সার্ভাইক্যাল স্পাইনাল কর্ডে আঘাতের কারণে অঙ্গ অবশ হয়ে যাওয়া (কোয়াড্রিপ্লেজিয়া) রোগীদের হাতের নড়াচড়া ফিরিয়ে আনতে সহায়তা করবে।
এই প্রযুক্তিতে একটি মুদ্রার আকারের যন্ত্র রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এটি মস্তিষ্কের সংকেত সংগ্রহ ও বিশ্লেষণ করে। এরপর সেই সংকেত ব্যবহার করে রোগী একটি বায়ুচালিত গ্লাভস নিয়ন্ত্রণ করতে পারে। এর মাধ্যমে বস্তু ধরা, জিনিস তোলা বা পানির গ্লাস ধরার মতো কাজ করা সম্ভব হয়।
যন্ত্রটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত না হয়। এতে ওয়্যারলেস বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অস্ত্রোপচারের প্রায় এক মাস পর রোগীরা বাড়িতে বসেই এটি ব্যবহার করতে পারেন।
এ পর্যন্ত এই যন্ত্র ব্যবহার করে ৩৬টি ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। এতে অংশ নেওয়া সব রোগীর হাতের ধরার ক্ষমতায় কিছু না কিছু উন্নতি দেখা গেছে। কিছু রোগীর ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের আংশিক পুনর্গঠনের লক্ষণও দেখা গেছে।
চীনের সরকারি প্রতিবেদনে ব্রেন–কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তিকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এ খাতে শাংহাই বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যে সেখানকার প্রায় ৬০টি উদ্ভাবনী প্রতিষ্ঠান এই প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে কাজ করছে।
সিএমজি