
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দেশের খাল খনন কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতি চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী স্পষ্টভাবে জানান, খাল খনন প্রকল্পের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করতে সরকার সর্তক। তিনি বলেন, “দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনগণের অর্থের যেন কোনো অপচয় না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি।”
আগামীকাল (১৬ মার্চ) থেকে সারা দেশের ৫৪টি জেলায় একযোগে এই খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। উন্নয়নমূলক এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে দেশের জলাধারগুলোর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে বিশেষ আয়োজন করা হয়েছে। মন্ত্রী জানান, তিনি নিজে কাহারুল উপজেলার শাহাপাড়া খাল খনন কাজ উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে অংশ নেবেন। অন্যদিকে, একই দিনে জেলা সদরে আয়োজিত সুধী সমাবেশে সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী।