
জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা
জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা একের পর এক ভয়াবহ সংকটে জড়িয়ে পড়ছেন। ২০২৪ সালে ‘টাটারি’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের মুখে ছিলেন তিনি। তবে এবার সেই বিতর্ক ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকি।
রবিবার (১৫ মার্চ) সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গেছে, ‘রণদীপ মালিক অনিল পন্ডিত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি শেয়ার করা হয়েছে, যে ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এই পোস্টের মাধ্যমেই পানিপথে সাম্প্রতিক এক গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করা হয়েছে।
হিন্দি ভাষায় লেখা সেই পোস্টে সরাসরি বাদশাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “গায়ক বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে আমরা তোমার ক্লাবে একটি ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি তোমার কপালে গুলি করব।” মূলত ‘টাটারি’ গানে হরিয়ানার সংস্কৃতিকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগেই এই হুমকি দেওয়া হয়েছে।
বাদশার ওপর এই হামলার হুমকি নতুন কিছু নয়। ২০২৪ সালের শুরুর দিকে চণ্ডীগড়ের সেক্টর ২৬ এলাকায় দুটি নাইট ক্লাবের সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যার অন্যতম লক্ষ্য ছিলেন বাদশা। সেই সময় গায়কের কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে ফোনও এসেছিল। তখন বিষয়টিকে গুরুত্ব না দিলেও, এবার সরাসরি খুনের হুমকি আসায় বাদশার নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে।