
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুল ইনজেকশন প্রয়োগে দুই নারীর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নার্সের ভুল ইনজেকশন প্রয়োগে দুই নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন পটুয়াখালীর শেফালী (৬০) এবং বরিশালের হেলেনা (৪৫)।
স্বজনদের দাবি, শেফালীর গালে সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যার অপারেশনের জন্য রোববার দিন ধার্য ছিল। অপারেশনের প্রস্তুতি হিসেবে সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার তাদের শরীরে অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইনজেকশন দেওয়ার আগে দুজনেই সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিলেন।
অভিযুক্ত নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে জানান, কীভাবে এমনটি ঘটেছে তিনি বুঝতে পারছেন না।
হাসপাতালের পরিচালক নিশ্চিত করেছেন যে, নিয়ম অনুযায়ী অপারেশনের নির্দিষ্ট প্রক্রিয়ায় ওষুধ দেওয়ার কথা থাকলেও নার্স আগেই অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে বড় ধরণের গাফিলতি করেছেন। এ ঘটনায় সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।