
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।
জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা থাকলেও তা করা হয়নি। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির আদেশে গঠিত এই সংসদের সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ চান।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও পরিষদের অধিবেশন আহ্বান করতে পারেন না। তিনি বিষয়টি সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন।
মন্ত্রী আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সংবিধান সংশোধনের বিষয়টি আইনগত ও সাংবিধানিকভাবে বিবেচনা করতে হবে। আবেগ নয়, আইন ও সংবিধানের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
বিতর্কের শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিলে সংসদের বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।