
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার সংসদ অধিবেশন শেষে তিনি এ ঘোষণা দেন।
এর আগে শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে বলেও জানানো হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এদিকে অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি বিধি–৭১ অনুযায়ী ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।