
ফাইল ছবি
বিদেশি ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ঋণ নেওয়ার সুযোগ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন এ ধরনের ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমতি লাগবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই যাচাই–বাছাই করে শর্ত পূরণ সাপেক্ষে ঋণ ছাড় করতে পারবে।
রোববার (১৫ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি নিশ্চয়তার বিপরীতে দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য ঋণপ্রাপ্তি আরও সহজ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
কর্মকর্তাদের মতে, বিদেশি ব্যাংকের গ্যারান্টি থাকলে ঋণ তুলনামূলকভাবে নিরাপদ হয়। কারণ ঋণগ্রহীতা অর্থ পরিশোধে ব্যর্থ হলে গ্যারান্টি প্রদানকারী ব্যাংকের কাছ থেকে অর্থ আদায় করা সম্ভব। এ কারণে বিদেশি নিশ্চয়তার বিপরীতে প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আওতায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিদেশি মালিকানাধীন কোম্পানিকে ঋণ দিতে পারলেও বিদেশি গ্যারান্টি বা বিদেশে অবস্থিত জামানতের বিপরীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সীমাবদ্ধতা শিথিল করা হয়েছে।
যেসব শর্ত মানতে হবে
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশি ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) অবশ্যই শর্তহীন, অপরিবর্তনীয় এবং প্রথম দাবিতেই পরিশোধযোগ্য হতে হবে। এটি এমন কোনো বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানের হতে হবে যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটিং এজেন্সির কাছ থেকে সন্তোষজনক ক্রেডিট রেটিং রয়েছে, যা ন্যূনতম বিবি রেটিং গ্রেড ১–২ এর সমতুল্য।
এছাড়া ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো ও দেশীয় মানদণ্ড অনুযায়ী গ্যারান্টিটি গ্রহণযোগ্য হতে হবে। এই গ্যারান্টি বা এসবিএলসির বিপরীতে দেশীয় ঋণগ্রহীতা সরাসরি বা পরোক্ষভাবে কোনো ফি, কমিশন বা অর্থনৈতিক সুবিধা দিতে পারবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঋণ বিতরণের আগে বিদেশি গ্যারান্টির আইনি বৈধতা, বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ঋণগ্রহীতা খেলাপি হলে এবং গ্যারান্টি নগদায়ন করতে হলে তা দ্রুত বাংলাদেশ ব্যাংক-কে জানাতে হবে।
এ ছাড়া গ্রাহকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, নগদ প্রবাহ বিশ্লেষণ ও অন্যান্য সূচকের ভিত্তিতে তার ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই করেই ঋণ দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।