
নিহত সুন্দর আলী (বামে)
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সুন্দর আলী (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সুন্দর আলীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার কাড়ারপাড় সুতারপাড়া গ্রামে। মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।
দূতাবাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোরে আল আবরাজ রোডের একটি সিগন্যাল পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি সুন্দর আলীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সুন্দর আলী দীর্ঘদিন ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠাতে দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।