
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লিতে রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিটের নিরলস চেষ্টায় রাত ১টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শেষ পর্যায়ে।