
বলিউডের ‘পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান ঘরোয়া আয়োজনে নিজের ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কেক কাটা এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ মার্চ) ব্যক্তিগত পরিসরে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন পালন করেন এই বলিউড তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট। এছাড়া তার সন্তানরাও অনুষ্ঠানে যোগ দেন।
কেক কাটার সময় দুই সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকাকে কেক খাওয়ানোর দৃশ্য বিশেষভাবে আলোচনায় আসে। এক অনুষ্ঠানে সাবেক স্ত্রী, বর্তমান সঙ্গী ও সন্তানদের একসঙ্গে দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পারিবারিক সম্পর্কের বন্ধুত্বপূর্ণ অবস্থানকে প্রশংসা করেছেন, আবার কেউ একাধিক বিয়ের প্রসঙ্গ তুলে সমালোচনাও করেছেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্ত–কে বিয়ে করেন আমির খান। তাদের সংসারে মেয়ে ইরা খান ও ছেলে জুনায়েদ খান জন্ম নেয়। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও–কে বিয়ে করেন তিনি; তাদের পুত্র আজাদ রাও খান। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই বলিউড তারকা।