
রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।
পুলিশ জানায়, নিহতরা হলেন রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একটি দল খাঁপাড়া মন্দিরের পাশে বিদ্যুতের কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করলে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে সেটি লেগে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আহতদের উদ্ধার করে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায়। আর ফরিদ জামানের বাড়ি বকশীগঞ্জ উপজেলা, জামালপুর জেলা।