
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দিনাজপুর সফর। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর শহর হয়ে তিনি সরাসরি পৌঁছাবেন কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায়।
কাহারোলে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনখনন কাজের উদ্বোধনের মাধ্যমেই দেশব্যাপী বিশাল এক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কৃষি ও পরিবেশ রক্ষায় নদী-নালা এবং জলাধার পুনখননের এই মেগা প্রজেক্টকে সরকারের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কাজ শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেবেন।