
এক সপ্তাহের টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে
কেনিয়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে আরও চারজনের মৃত্যু হওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এর মধ্যে শুধু রাজধানী নাইরোবিতেই মারা গেছেন ৩৩ জন।
কেনিয়া রেডক্রস জানিয়েছে, নাইরোবিতে পানিবন্দি হয়ে পড়া একটি মিনিবাস (মাতাতু) থেকে ১১ জন এবং একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকা এখন পানির নিচে। বিশেষ করে পার্কল্যান্ডস এলাকায় বাসিন্দাদের গাড়ি ও অ্যাপার্টমেন্টের নিচতলা তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পানিনিষ্কাশন ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত নগরায়ণ এই দুর্যোগের অন্যতম প্রধান কারণ। প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও সাধারণ মানুষ অবকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন। কর্তৃপক্ষ নিচু এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে; ইতোমধ্যে দুই হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
বন্যার এই তাণ্ডব শুধু কেনিয়াতেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশ ইথিওপিয়াতেও বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ায় এমন চরম মাত্রার বৃষ্টিপাতের প্রকোপ বাড়ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।