
প্রধান নির্বাচক হিসেবে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘটালেন গাজী আশরাফ হোসেন লিপু
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে প্রধান নির্বাচক হিসেবে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘটালেন গাজী আশরাফ হোসেন লিপু। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়টি ছিল লিপুর জন্য এক উপযুক্ত বিদায়ী উপহার।
বাংলাদেশ ক্রিকেটে সাধারণত দায়িত্ব ছাড়ার সময় এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায় না। তবে জয় শেষে ড্রেসিংরুমে গিয়ে কোচ ও ক্রিকেটারদের সঙ্গে হাসিমুখে সময় কাটান দেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম এই অধিনায়ক। বিদায়লগ্নে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে মূল্যবান উপদেশও দেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে আসা লিপু এবার আর চুক্তি নবায়ন করেননি। আগামী ৩১ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তরসূরি খুঁজতে কাজ শুরু করেছে বিসিবি। গত ১২ মার্চ অনুষ্ঠিত হওয়া সাক্ষাৎকার পর্ব শেষে জানা গেছে, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
প্যানেলের সহকারী নির্বাচক পদের জন্য লড়াই চলছে তুষার ইমরান ও নাঈম ইসলামের মধ্যে। তবে বিসিবির নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, নাঈম ইসলামই এই পদে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলতি মাসেই নতুন এই নির্বাচক প্যানেলের ঘোষণা আসতে পারে।