
চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন করেন পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অস্বাভাবিক এবং অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে একটি বিশেষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে দেখা যায় পাইকারি দরের তুলনায় খুচরা বাজারে দামের পার্থক্য অগ্রহণযোগ্য পর্যায়ে চলে যায়। এই পার্থক্যের প্রকৃত কারণ খুঁজে বের করতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং পেশাজীবীদের নিয়ে এই কমিটি কাজ করবে। কমিটি বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, ডলারের সংকট বা পরিবহন ব্যয় বাড়লে দেশের বাজারে তার প্রভাব পড়া স্বাভাবিক বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে তিনি সতর্ক করে বলেন, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের অভাবে যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
সাধারণ মানুষের কথা মাথায় রেখে আপেল, আঙুর ও কমলার মতো প্রয়োজনীয় ফলগুলো মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার নীতিগত পদক্ষেপ নেবে বলে জানান মন্ত্রী। তবে অতি মূল্যবান বিলাসী ফলের ক্ষেত্রে শুল্ক কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ভোজ্যতেলের বাজার স্থিতিশীল থাকায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানালেও, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোথাও কোথাও অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।