
মোহাম্মদ আইয়ুব মিয়া
তারল্য সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত হওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র প্রথম চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।
সরকারের সাবেক এই সচিবকে গত বছরের ৭ ডিসেম্বর নবগঠিত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র কয়েক মাসের মাথায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দায়িত্ব ছাড়লেন।
ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে অস্থিরতা এটিই প্রথম নয়। এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত যোগ দেননি। ফলে শীর্ষ দুই পদের শূন্যতায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা নিয়ে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বর্তমানে নতুন এমডি নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছিল।
অনুমোদিত মূলধন: ৪০ হাজার কোটি টাকা।
পরিশোধিত মূলধন: ৩৫ হাজার কোটি টাকা (যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা)।
বাকি অংশ: ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে সংগৃহীত হবে।