
চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার ও অগ্নিকাণ্ডের জেরে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দর।
দুবাইয়ের স্থানীয় সময় সকাল ১০টা, বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সীমিত আকারে বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে এবং আপাতত কার্গো বিমানের পাশাপাশি কিছু জরুরি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করছে। এছাড়া বেশ কিছু ফ্লাইট আল মাকতোম বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে।
বাতিল হওয়া অন্যান্য ফ্লাইটগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানানো হয়েছে। যাত্রীদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমান পরিষেবা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে বিমানবন্দরের বড় একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগার পর সব ফ্লাইট বাতিলের নির্দেশ দেয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে পৃথক এক বিবৃতিতে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর জানায়, এই নির্দেশ সাময়িক।
উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। প্রতিদিন এখানে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে এবং বিশ্বজুড়ে লাখ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন।