
ফেনীর ইয়াকুবপুর ইউনিয়নে ‘দাদনার খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের অনেক খাল বর্তমানে অবৈধ দখলে রয়েছে। এসব খালের দ্রুত সীমানা নির্ধারণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে ‘দাদনার খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি খাল ও নদীর সীমানা নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে। সীমানা নির্ধারণ হয়ে গেলে দখলদারদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় মুরুব্বিদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সীমানা মুক্ত করা সম্ভব হবে এবং বড় ধরনের উচ্ছেদ অভিযানের প্রয়োজন পড়বে না।
খাল খনন কার্যক্রমকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, “খালগুলো নদীর সঙ্গে সংযোগ করে দিতে পারলে জলাবদ্ধতা দূর হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন ও দূষণ কমানোর জন্য খাল পুনঃখননের কোনো বিকল্প নেই।” বর্তমানে সরকারের পাঁচটি দপ্তর এই খনন কার্যক্রমে সরাসরি যুক্ত রয়েছে।
খাল পুনরুজ্জীবিত করার কাজে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন মন্ত্রী। অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।