
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নিহত বা আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর ভিডিও প্রকাশ করে নিজের সুস্থতার বিষয়টি জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তাকে একটি ক্যাফেতে বসে কফি পান করতে এবং সহকারীর সঙ্গে আলাপ করতে দেখা যায়।
ভিডিওটি নেতানিয়াহুর টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভিডিওতে দেখা ক্যাফেটির দৃশ্য আগের ছবির সঙ্গে মিলিয়ে তারা নিশ্চিত হয়েছে যে, রোববার (১৫ মার্চ) জেরুজালেমের পাশের একটি ক্যাফেতে তিনি অবস্থান করেছিলেন।
ভিডিওতে দেখা যায়, কফি পান করার সময় সহকারী ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ‘ডেড’ শব্দটি নিয়ে মজা করেন নেতানিয়াহু। কফির কাপ হাতে তিনি বলেন, ‘আমি কফির জন্য পাগল। আমি আমার জনগণের জন্যও পাগল।’ হিব্রু কথ্য ভাষায় ‘ডেড’ শব্দটি কখনো কখনো কোনো কিছুর প্রতি প্রবল আসক্তি বা অত্যন্ত পছন্দ বোঝাতে ব্যবহার করা হয়।
প্রসঙ্গত, নেতানিয়াহু সাধারণত ইসরায়েলি সংবাদমাধ্যমে খুব কম সাক্ষাৎকার দেন বা সংবাদ সম্মেলনে অংশ নেন। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছিলেন।