
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে ‘পাকিস্তানের বিমান হামলা’য় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সোমবার রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে বিমান হামলা চালায়।
তিনি জানান, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হতো। হামলার ফলে হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার বিস্তারিত নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।