
ফাইল ছবি
২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ ১৯ বছরের বঞ্চনা শেষে ওই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাইকৃত এই কর্মকর্তাদের ২০০৭ সালে রাজনৈতিক কারণে নিয়োগ বঞ্চিত করা হয়েছিল, যা এখন প্রত্যাহার করা হলো।
নতুন আদেশ অনুযায়ী, নির্বাচিতদের নির্ধারিত কিছু শর্তে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। শর্তানুসারে, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল না হলে তারা যে তারিখে স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের ‘ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা’ নির্ধারণ করা হবে। তবে এ ক্ষেত্রে তারা অতীতের কোনো বকেয়া বেতন বা আর্থিক সুবিধা পাবেন না।
নিয়োগপ্রাপ্তদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা তৈরি করা হবে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।