
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর কবে হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হতে পারে।
ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী বুধবার ২৯তম রমজানের সন্ধ্যায় আরব দেশগুলোর আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে রমজান মাস ৩০ দিনে শেষ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।
উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ শুক্রবার ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে।