
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানে সামরিক অভিযানে ন্যাটোর যুক্তরাষ্ট্রকে সহায়তা না দেওয়ার সিদ্ধান্তকে ‘খুবই বোকামিপূর্ণ ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সেন্ট প্যাট্রিক’স ডে উপলক্ষে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সফর চলাকালে ট্রাম্প জানান, ন্যাটোর বেশিরভাগ মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে—তারা ইরানে চলমান সামরিক অভিযানে সরাসরি অংশ নিতে আগ্রহী নয়।
ট্রাম্প বলেন, “ন্যাটো একটি খুবই বোকামিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। সবাই আমাদের সঙ্গে একমত, কিন্তু কেউ সাহায্য করতে চায় না—এটি আমাদের জন্য বিস্ময়কর।”
তবে মিত্র দেশগুলোর বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই।
ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ট্রাম্পের দাবি, ন্যাটোভুক্ত দেশগুলো এই অভিযানের প্রতি সমর্থন জানালেও সরাসরি অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে না।
এদিকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান ট্রাম্প। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। অভিযোগ রয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইন ব্যবহার করে প্রণালিটিকে ট্যাংকার চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
তবে সোমবার কয়েকটি মিত্র দেশ জানায়, প্রণালিটি সচল রাখতে তারা তাৎক্ষণিকভাবে কোনো নৌ-সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে না—যা ট্রাম্পের আহ্বান কার্যত প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কারণে এখন ন্যাটোভুক্ত দেশগুলোর সহায়তার প্রয়োজন বা আগ্রহ—কোনোটিই নেই। তিনি জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার নামও উল্লেখ করেন।
উল্লেখ্য, অতীতে একাধিকবার যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের হুমকি দিলেও এদিন সে প্রসঙ্গ তোলেননি ট্রাম্প।