
আরটিভি আলোকিত কোরআন ইউএসএ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হয়েছে
উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র কোরআন চর্চা ও এর সুমহান বাণী প্রচারের লক্ষ্যে আয়োজিত ‘আরটিভি আলোকিত কোরআন ইউএসএ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হয়েছে। টানা তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারকদের রায়ে দেশটিতে বসবাসরত হাফেজদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন মুয়াজ ইবনে কামাল।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সেরা পাঁচ বিজয়ীর নাম ঘোষণা করা হয়:
চ্যাম্পিয়ন: মুয়াজ ইবনে কামাল
ফার্স্ট রানার আপ: নাভিদ রহমান
সেকেন্ড রানার আপ: ইমরান হোসেন
চতুর্থ স্থান: মুশরাফি আলম
পঞ্চম স্থান: হাফেজ রিধা তাহমিদ ভূঁইয়া
“সুন্দর জীবনের জন্য কোরআন”—এই প্রতিপাদ্য সামনে রেখে পহেলা রমজান থেকে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হয়েছিল এই আয়োজন। প্রথম ও দ্বিতীয় আসরের ব্যাপক সাফল্যের পর তৃতীয় আসরেও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রাথমিক বাছাই ও কয়েক ধাপের প্রতিযোগিতা শেষে সেরা ৭০ জনকে নিয়ে মূল পর্ব শুরু হয়। সাতটি কঠিন রাউন্ড পেরিয়ে প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র কোরআন এক অকৃত্রিম অনুভূতির নাম। প্রবাসী বাঙালিরাও এর ব্যতিক্রম নন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে কোরআন তেলাওয়াত ও এর মর্মবাণী ছড়িয়ে দিতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখছে। পুরো অনুষ্ঠানটি নিউইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়।
বক্তারা জানান, এই ধরনের প্রতিযোগিতা প্রবাসে বাংলা ভাষাভাষী মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে।