
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করেছে এবং সতর্ক করেছে যে ইরানের ওপর তাদের হামলা আরও জোরদার করা হবে।
বুধবার (১৮ মার্চ) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৈঠকে কাটজ বলেন, ‘আজ আমরা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চমক দেখতে পাব, যা ইরান ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা যে যুদ্ধ চালাচ্ছি, তা আরও তীব্র করবে।’
তিনি আরও বলেন, ‘ইরানে হামলার তীব্রতা বাড়ছে। ইরানের গোয়েন্দামন্ত্রী খাতিবকেও আজ রাতে নির্মূল করা হয়েছে।’
কাটজ জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, ‘অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন ছাড়াই যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যা করার জন্য।’
এর আগে গতকাল ইসরায়েলি হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ও ইরানের আধাসামরিক বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হন।