
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় একের পর এক দেশের আকাশসীমা বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৬১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনেই বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট। এর মধ্যে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়া-এর ৬টি, গালফ এয়ার-এর ২টি, কাতার এয়ারওয়েজ-এর ৪টি এবং এমিরেটস এয়ারলাইনস-এর ২টি ফ্লাইট রয়েছে। এছাড়া জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি এবং ফ্লাইদুবাই-এর ৪টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
বেবিচক আরও জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হয়েছে। ওইদিন ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে শুরু হয়ে ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩২টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি এবং ১৯ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়।
চলমান এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি বাড়লেও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।