
ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২ মুসলিম দেশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২ মুসলিম দেশ। এসময় দেশগুলোতে ইরানের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে আরবের এই দেশগুলো।
বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রিয়াদে বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর বিবৃতিতে স্বাক্ষর করেন।
ইরানের ‘ইচ্ছাকৃত হামলার’ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দেশগুলোর আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং কূটনৈতিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে ‘কোনো অজুহাতেই’ এই ধরনের হামলাকে বৈধতা দেওয়া যায় না। পাশাপাশি, তারা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
বিবৃতিতে ইরানকে ‘অবিলম্বে হামলা বন্ধ করার’, ‘আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের নীতিমালা’ মেনে চলার এবং হরমুজ প্রণালি বন্ধ করার লক্ষ্যে যেকোনো ‘পদক্ষেপ বা হুমকি’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সাথে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ‘আগ্রাসন’ এবং আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী নীতির’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।
আরব পররাষ্ট্রমন্ত্রীরা ঐক্যমত্যে পৌঁছেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে তারা ভবিষ্যতেও নিজেদের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখবেন এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি গত কয়েক দিনে এসব দেশের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান।