
ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম একদিনেই মোট ১৫ হাজার ৩৩৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বিকেলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকে দ্বিতীয় দফায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম ব্যাপক হ্রাসের কারণে এই সমন্বয় করা হয়েছে।
বিকেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় নামিয়ে আনা হয়েছে।
এর আগে আজ সকাল ১০টায় প্রথম দফায় ২২ ক্যারেটের সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। তখন ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। অর্থাৎ, সকাল ও বিকেল মিলিয়ে একদিনেই সোনার দাম ভরিতে ১৫ হাজার টাকার বেশি কমেছে, যা দেশের বাজারে একটি রেকর্ড।
সোনার পাশাপাশি রুপার দামেও বড় ছাড় দিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা করা হয়েছে।
ঈদের ঠিক আগমুহূর্তে সোনার ও রুপার দামে এমন নজিরবিহীন পতনে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক স্বস্তি ও উৎসবের আমেজ দেখা দিয়েছে।