
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (২০ মার্চ) আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এদিন সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল-মাদানী। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠেও আরেকটি জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী।
দরবার শরীফ সূত্র জানায়, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। সময়ের সঙ্গে এ প্রথা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।
তবে স্থানীয় মুসল্লিদের একাংশ জানান, বিভিন্ন দেশে চাঁদ দেখার তথ্য নিয়ে সন্দেহ থাকায় তা গ্রহণ করা হয়নি। তাই তারা ৩০ রমজান পূর্ণ করে আজ ঈদ উদযাপন করছেন।
হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে এ আগাম ঈদ পালিত হচ্ছে। উল্লেখ্য, সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর উদ্যোগে এই প্রথার সূচনা হয়, যা এখনও তার অনুসারীরা ধরে রেখেছেন।