
নিহত মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ আজ শুক্রবার (২০ মার্চ) দেশে পৌঁছানোর কথা রয়েছে।
নিহত মোশাররফ হোসেন (পাসপোর্ট নম্বর: EK0909569) সখীপুরের কীর্তনখোলা গ্রামের মো. সূরজত আলীর ছেলে। জীবিকার তাগিদে সৌদি আরব গিয়ে আকস্মিক এই হামলায় প্রাণ হারান তিনি। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে রিয়াদ থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে (SV806) মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি গ্রহণ করবেন। মরদেহ হস্তান্তরের পর মন্ত্রী সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং সরকারের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্ষতিপূরণ বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।