
প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই সময়ের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যার ফলে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
এতে বলা হয়, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ সকল ভেদাভেদ ভুলে ধনী-গরিব নির্বিশেষে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
শুভেচ্ছা বার্তায় সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা হয়েছে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই হওয়া উচিত সবার অঙ্গীকার।
পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শুভেচ্ছা বার্তায়।