
আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ভোরে চালানো এই হামলায় তিনি নিহত হন। সংস্থাটি তাদের টেলিগ্রাম বার্তায় এ তথ্য প্রকাশ করে।
এদিকে মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে নায়িনি দৃঢ়ভাবে দাবি করেছিলেন— ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার মধ্যেও তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে।
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শত্রু সম্পূর্ণরূপে পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। তার ভাষায়, “দেশ থেকে যুদ্ধের অন্ধকার পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এ লড়াই থামবে না।”
উল্লেখ্য, ইরানে চলমান এই হামলায় এর আগেও দেশটির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব।
সূত্র: আল–জাজিরা