
অধিকৃত জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানে হামলার অজুহাতে টানা ২০ দিন বন্ধ থাকার পরও পবিত্র ঈদুল ফিতরের দিনেও কাউকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি।
ফলে মুসল্লিরা আশপাশের সড়ক ও অলিগলিতে ঈদের নামাজ আদায় করেন। ১৯৬৭ সালে জেরুজালেম দখলের পর গত ৫৯ বছরে এই প্রথম ঈদের জামাতে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সি জানায়, মুসল্লিদের প্রবেশ ঠেকাতে পুরোনো শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয় এবং মসজিদের প্রবেশপথে ধাতব ব্যারিকেড বসানো হয়।
জেরুজালেমের প্রবেশদ্বার বাব আল-সাহিরায় নামাজ আদায়ের চেষ্টা করলে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অন্তত একজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া বাব আল-আমুদসহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানেও নামাজে বাধা দেওয়া হয়।
তবে সীমিত আকারে মসজিদের ভেতরে কেবল নিরাপত্তারক্ষী, তত্ত্বাবধায়ক ও ইসলামিক ওয়াকফ বিভাগের কিছু কর্মচারী নামাজ আদায়ের সুযোগ পান। বাইরে অবস্থান করা অনেকেই ভেতর থেকে ঈদের তাকবির ধ্বনি শোনার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই আল-আকসা মসজিদ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে চলতি রমজানের জুমার নামাজেও অংশ নিতে পারেননি সাধারণ ফিলিস্তিনি মুসল্লিরা।