
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ২৮২ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই প্রবাসীরা বাহরাইন থেকে দাম্মাম হয়ে দেশে পৌঁছেছেন।
এদিকে, ইরান থেকে উদ্ধার হওয়া আরও ২৮০ জন বাংলাদেশি আজারবাইজানের বাকু থেকে দেশের পথে রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩০২ ফ্লাইটে আজ রাত ১টা ২৭ মিনিটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার মডেলের এই বিশেষ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাকুর হায়দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আটকে পড়া এসব বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বকুতে নেওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গত বছর জুন মাসে ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসীদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও সরকার বিশেষ উদ্যোগ নিয়ে প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনছে।