
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান যুদ্ধ ইস্যুতে ন্যাটোর সমর্থন না পাওয়ায় তাদের ‘ভীরু’ বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রে প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলো ‘ভীরু, এবং আমরা তা মনে রাখব।’
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরান যুদ্ধের সময় মিত্র দেশগুলো কার্যকর কোনো সহায়তা দেয়নি।
ট্রাম্প দাবি করেন, যুদ্ধ কার্যত সামরিকভাবে জয়ের মুখে থাকা সত্ত্বেও ন্যাটো দেশগুলো তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে, কিন্তু হরমুজ প্রণালী খুলে দিতে সহযোগিতা করছে না।
তার ভাষায়, এই প্রণালি খুলে দেওয়া একটি সহজ সামরিক পদক্ষেপ, যা তেলের দাম বাড়ার প্রধান কারণ দূর করতে পারে এবং এতে ঝুঁকিও খুব কম।
উল্লেখ্য, ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি দিয়ে বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে চলমান সংঘাতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, পাশাপাশি বৈশ্বিক বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
এদিকে, ন্যাটো শুক্রবার জানিয়েছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইরাকে তাদের মিশনের অবস্থান সমন্বয় করছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে অ-যুদ্ধ মিশনের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।
ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এক বিবৃতিতে বলেন, ন্যাটো মিশন ইরাকের প্রেক্ষাপটে আমরা আমাদের অবস্থান সমন্বয় করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল ও ন্যাটোর ইউরোপীয় সর্বোচ্চ কমান্ডার অ্যালেক্সাস গ্রিনকেভিচ জানিয়েছেন, ইরাকে থাকা ন্যাটো মিশনের সব সদস্যকে ইউরোপে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দুই দিনের সম্মেলন শেষে বলেছেন, আন্তর্জাতিক আইন রক্ষা ও উত্তেজনা কমানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ এখানে কেউ প্রকাশ করেনি—বরং সবার অবস্থান ঠিক উল্টোটা।’