
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তিনি ঈদের নামাজ আদায় করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানের শুরুতে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করার কথা রয়েছে তার।
শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।