
কারাগারগুলোতে প্রায় ৮১ হাজার বন্দি এবার ঈদুল ফিতর উদযাপন করছেন
সারা দেশের কারাগারগুলোতে প্রায় ৮১ হাজার বন্দি এবার ঈদুল ফিতর উদযাপন করছেন। বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী রয়েছেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের ২১৫ জন সাবেক মন্ত্রী ও এমপি বর্তমানে কারাগারে আছেন। তাদের মধ্যে ১৮৩ জন ডিভিশন পেয়েছেন এবং ৩২ জন ভিআইপি হিসেবে সাধারণ সেলে ঈদ কাটাচ্ছেন।
এবারের ঈদে কারাবন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ খাবার এবং স্বজনদের সঙ্গে কথা বলার বিশেষ ব্যবস্থা করেছে কারা অধিদপ্তর। ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজা ভোগ করা ৫ জন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে বিশেষ বিবেচনায় মুক্তি দিয়েছে সরকার। মুক্তিপ্রাপ্তরা হলেন—আকাশ রিশি, রবিউল হোসেন, জিকারুল হক জিকু, নুরুজ্জামান এবং আব্দুল করিম।
কারা সূত্র জানায়, ঈদের দিন সকালে বন্দিদের জন্য নাস্তায় সেমাই, পায়েস ও মুড়ির ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরের বিশেষ মেন্যুতে রয়েছে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসি), মুরগির রোস্ট ও রুই মাছ। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তিনদিন পর্যন্ত বন্দিরা স্বজনদের সঙ্গে দেখা করার এবং আনা খাবার খাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া নির্ধারিত সময়ে বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে ৫ মিনিট করে বিনামূল্যে ফোনে কথা বলতে পারবেন। কারাগারের ভেতরে বন্দি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও থাকছে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ জানান, বন্দিদের মধ্যে উৎসবের আমেজ তৈরিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।