
ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের জামাতে অংশ নেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই মাহেন্দ্রক্ষণ। উৎসবের আমেজে মুখর সারা দেশ— পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য দিন এটি। এমন আনন্দঘন মুহূর্তে ভক্ত-সমর্থকদের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটা আড়ালে থাকলেও পবিত্র ঈদের দিনে ভক্তদের উদ্দেশে ভিন্নধর্মী বার্তা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সাবেক এই অধিনায়ক আক্ষেপের সুরে ফেসবুকে লিখেছেন, ‘মনে রাখা এবং ভুলে যাওয়া সবাইকে জানাই ঈদ মোবারক।’
আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভক্তদের জানিয়েছেন ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তিনি লিখেছেন, এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে থাকলেও যুক্তরাষ্ট্র থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব লিখেছেন, আপনার দিনটি আনন্দ, ভালোবাসা আর সুস্বাদু খাবারের প্রাচুর্যে ভরে উঠুক।
ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের জামাতে অংশ নেওয়ার ছবি পোস্ট করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের ও আপনাদের সবার নেক আমল কবুল করুন। মাহমুদউল্লাহ রিয়াদও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় সংক্ষিপ্ত বার্তায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। তরুণ পেসার নাহিদ রানা সবার জীবনে শান্তি, আনন্দ ও সাফল্য কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আফিফ হোসেন লিখেছেন, এটি কৃতজ্ঞতা, আত্মসমালোচনা ও আনন্দ উদযাপনের এক পবিত্র দিন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।