
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ফটো
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে মোদি আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করছে।
খবর সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, চলমান সংঘাত শুরুর পর দুই নেতার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো কথা হলো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি ঈদ ও নওরোজের (ফারসি নববর্ষ) শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এই উৎসব অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি অধিকাংশ জাহাজের জন্য বন্ধ ঘোষণা করে। এতে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশুও রয়েছে। পাল্টা হামলা ও উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।