
ছবি: সংগৃহীত
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শেষ করলে ট্রেন চলাচল শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে এখন পর্যন্ত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
উদ্ধার অভিযানে রেলওয়ের উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। প্রায় ৫ ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টায় রেললাইনে আটকে থাকা দুমড়ে-মুড়ছে যাওয়া বাসটিকে সরিয়ে নেওয়া হয় এবং লাইন মেরামত শেষে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। সকাল ৮টার পর থেকে এই রুটে আটকা পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে।
উদ্ধার কাজ শেষে বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর লাইন পরীক্ষা করে দেখা হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচলে কোনো বাধা নেই। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।