
রবার্ট মুলার
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক পরিচালক রবার্ট মুলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারের বরাতে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তবে তার মৃত্যুর স্থান বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মুলার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিশেষভাবে আলোচিত হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচার নিয়ে তদন্তের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। এ তদন্তে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যোগসাজশের বিষয়টি খতিয়ে দেখা হয়।
তার মৃত্যুর পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঠিক আগে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব নেন মুলার। টানা ১২ বছর দায়িত্ব পালনকালে তিনি সংস্থাটির সন্ত্রাসবিরোধী কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এফবিআই থেকে অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয়। ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের সময় নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে তাকে দায়িত্ব দেওয়া হয়। প্রায় দুই বছর তদন্ত শেষে ২০১৯ সালে তিনি তার প্রতিবেদন প্রকাশ করেন এবং কংগ্রেসে সাক্ষ্য দেন।
সেই শুনানিতে তিনি সরাসরি অনেক প্রশ্নের উত্তর না দিয়ে বারবার তার প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেন এবং বলেন, ওই তদন্ত ট্রাম্পকে সম্পূর্ণ দায়মুক্ত করেনি। যদিও ট্রাম্প বারবার এই তদন্তকে ‘উইচ হান্ট’ বলে সমালোচনা করেন।
চার দশকেরও বেশি সময় ধরে সরকারি দায়িত্ব পালন করেছেন মুলার। তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের প্রেসিডেন্টদের অধীনে কাজ করেছেন এবং পেশাগত সততা ও কঠোর কর্মসংস্কৃতির জন্য পরিচিত ছিলেন।