
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না বলে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত পুরো সৈকত এলাকায় ধারাবাহিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
রোববার (২২ মার্চ) বিকেল সুগন্ধা পয়েন্টে উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হবে বলে জানান তিনি।
এর আগে, ৯ মার্চ কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সৈকত এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে ইতোমধ্যে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দখলমুক্ত করা হয়েছে।