
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তনের নজির তুলে ধরে সংবিধান সংশোধন এখন জাতির দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার দ্রুত এ দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে।
রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান দাবি করেন, গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি। গণভোটের একটি অংশ বাস্তবায়িত হলেও অন্য অংশ এখনো উপেক্ষিত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও এর প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। নির্বাচন পরবর্তী পরিবর্তনে দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসা এখনো বিদ্যমান।
রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় জনগণের আস্থা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
গত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন বর্জন না করে তা মেনে নেওয়া হয়েছে, যদিও বিভিন্ন সংস্থা—যেমন টিআইবি ও সুজন—নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। এসব প্রতিবেদন নির্বাচন মূল্যায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে তিনি বলেন, ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে আপত্তি রয়েছে, যদিও রাষ্ট্রপতির প্রতিষ্ঠান নিয়ে তাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সিলেটের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, সড়কসহ বিভিন্ন খাতে উন্নয়নের ঘাটতি স্পষ্ট এবং সিলেটবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত হলে জবাবদিহি বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।