
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। রোববার (২২ মার্চ) এই হামলার পর পুরো ইসরায়েলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রাখা হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজার পরপরই জেরুজালেমে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, ইসরায়েলের ওপর হামলার এই নতুন ধাপটি ইতোমধ্যে সফলভাবে শুরু হয়েছে। অন্যদিকে, এই আঞ্চলিক অস্থিরতার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা ইরান থেকে নিক্ষিপ্ত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারা জানায়, ইরানের ‘প্রকাশ্য আগ্রাসন’ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।
গত কয়েকদিনের ধারাবাহিক উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে।