
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত অভিযান থামবে না।
এ সময় যুদ্ধসংক্রান্ত সংবাদ প্রকাশে গণমাধ্যমের সমালোচনাও করেন বেসেন্ট। তাঁর অভিযোগ, মার্কিন প্রশাসনের কার্যক্রম নিয়ে জনগণের সামনে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না।
অন্যদিকে, একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি দাবি করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে।
সূত্র: আল–জাজিরা